রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ও অর্থনৈতিক চাহিদা মেটাতে আগামী দুই বছরের জন্য ৯০ বিলিয়ন ইউরো (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অর্থ জোগাড় করা হবে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে; রাশিয়ার জব্দকৃত সম্পদ এতে ব্যবহার করা হবে না।
ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, যৌথভাবে ঋণ নেবে ইইউ এবং তা ইউনিয়নের বাজেটের নিশ্চয়তায় সুরক্ষিত থাকবে। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত আসে, কারণ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দকৃত সম্পদ ব্যবহার করতে গেলে নানা আইনি ও রাজনৈতিক জটিলতা দেখা দেয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি ইউক্রেনের টিকে থাকা ও আর্থিক স্থিতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।
চুক্তি অনুযায়ী, মস্কোর কাছ থেকে যুদ্ধক্ষতিপূরণ পাওয়ার পরই ইউক্রেন এই ঋণ পরিশোধ শুরু করবে। সে সময় পর্যন্ত রাশিয়ার জব্দকৃত সম্পদ অবরুদ্ধ অবস্থায় থাকবে। তবে প্রয়োজনে ঋণ পরিশোধে এসব সম্পদ ব্যবহারের অধিকার সংরক্ষণ করে রেখেছে ইইউ।
এই সিদ্ধান্তের ফলে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের ওপর কোনো আর্থিক দায় বর্তাবে না। দেশগুলো ইউক্রেনকে অর্থায়নের বিরোধিতা করেছিল। একই সঙ্গে, রাশিয়ার সম্পদের ভিত্তিতে আলাদা ঋণব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
এদিকে রাশিয়ার কর্মকর্তারা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে ইইউ কূটনীতিকদের মতে, আইনি ঝুঁকি না বাড়িয়ে ইউক্রেনের অর্থায়ন নিশ্চিত করতেই এই সমঝোতায় পৌঁছানো হয়েছে।
