গুজবে বাঘ আতঙ্কে পাটগ্রাম সীমান্তবাসী, বিজিবির সতর্কতা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় ভারত থেকে বাঘ বাংলাদেশে ঢুকে পড়েছে এমন খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্তসংলগ্ন এলাকার মানুষজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ–ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৮-এর ৩ নম্বর উপপিলারের কাছে কাঁটাতারবিহীন এলাকায় এ আশঙ্কা দেখা দেয়। ওই অংশটি ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বালারহাট এলাকা এবং বাংলাদেশের পাটগ্রাম উপজেলার জগতবেড় ও জোংড়া ইউনিয়নের সন্নিকটে অবস্থিত।

গত বৃহস্পতিবার রাতে ভারতের বালারহাট এলাকার পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। ঘটনাস্থলটি সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ ভারতের ভেতরে। স্থানীয়দের হৈচৈয়ের মুখে বাঘটি আবার বনাঞ্চলের দিকে চলে যায়।

ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের শ্রীমুখ ক্যাম্পের টহল দল এ তথ্য বাংলাদেশ অংশে দায়িত্বরত ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) নাজিরগোমানী ক্যাম্পকে জানায়। পরে বিজিবি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্তবর্তী গ্রামগুলোতে হ্যান্ড মাইকে ঘোষণা দেয়। এতে গভীর রাতে অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং চলাচলে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

মোহাম্মদপুর ককোয়াবাড়ী এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, বাঘ বের হয়েছে এমন কথাই শুধু শুনছি। চোখে দেখিনি। কিন্তু আত্মীয়স্বজন ফোন দিয়ে খোঁজ নেয়, তাই ভয় লাগে।

একই এলাকার কৃষক আজিজুল ইসলাম বলেন, খেতে কাজ করতে গেলে এসব কথা শুনে ভয় কাজ করে। কেউ দেখেনি, তবু আতঙ্ক থেকেই যায়।

বিজিবির এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশে বাঘ প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কেউ বাঘ দেখেনি। সতর্কতার অংশ হিসেবে সীমান্তবাসীদের সাবধান থাকতে বলা হয়েছে। বিষয়টি কিছুটা অতিরঞ্জিতভাবে ছড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত