রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে আগামী রবিবার থেকে কলার ধরে টেনে টেনে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবো বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের আওয়ামী ফ্যাসিস্টদের পরিকল্পনার সমন্বয়ে তাকে যেই হত্যাযোগ্য করে তোলার জন্য দীর্ঘদিনের যে তাদের আয়োজন ছিল তারা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। আমরা বলতে চাই, আমাদের মধ্য থেকে একজন ইয়াহিয়া সিনওয়ার বিদায় নিল। তার পরবর্তী উত্তরসূরী কিন্তু হাজার হাজার শরীফ ওসমান বিন হাদি এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হচ্ছে, তৈরি আছে এবং আগামীতেও তৈরি হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
