ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে গায়েবানা জানাজা-বিক্ষোভ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই অভ্যুত্থানের ঝান্ডাধারী সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে দাফন করা হয়।

এদিকে ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। এমনকি গায়েবানা জানাজারও খবর পাওয়া গেছে। 

সুনামগঞ্জ
সুনামগঞ্জ প্রতিনিধি জানায়, ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। শনিবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’ সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

বগুড়া
বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য মতে, শনিবার বেলা আড়াইটায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শহীদ ওসমান শরীফ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চ বগুড়ার আয়োজনে গায়েবানা জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি, জেএসডি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেয়। ইনকিলাব মঞ্চ বগুড়ার আহবায়ক মুয়াজ বিন মোস্তাফিজের পরিচালনায় শহীদ হাদির গায়েবানা জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল। এসময় গায়েবানা জানাজা নামাজে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আ স ম আবদুল মালেক, জেএসডি নেতা রেজাউল বারী দিপন সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতার ঢাল নামে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির পাঠানো তথ্য মতে, ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসে। এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শনিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে এ জানাজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আয়োজিত জানাজার নামাজে ইমামতি করেন আরবী বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের।

মাদারীপুর
মাদারীপুর প্রতিনিধি জানান, স্মৃতিতে অম্লান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মাদারীপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুসল্লিরা তার কর্মময় জীবন স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঝালকাঠি
ঝালকাঠি প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জানাজা শেষে মরহুম শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফেনী 
ফেনীর প্রতিনিধির পাঠানোর তথ্য মতে, ফেনী ইউনিভার্সিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার শহরের পুলিশ লাইন্স সংলগ্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন সিইসি ৩১তম ব্যাচের ছাত্র হাফেজ মোহাম্মদ নোমান। এসময় বক্তব্য রাখেন ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান আলী আকবর সিয়াম, আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মেশকাত ও নুর হোসেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাবি প্রতিনিধির পাঠানো তথ্য মতে, জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং হাদী ও তার পরিবাবের জন্য দোয়া করা হয়।

এসময় জানাজায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির বলেন, বিপ্লবীরা কখনো মরে না। তারা মানুষের হৃদয়ে চিরজীবী হয়ে বেঁচে থাকে।

পার্বতীপুর (দিনাজপুর) 
পার্বতীপুরের প্রতিনিধির পাঠানো তথ্য মতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় পার্বতীপুর শহরের ঢাকা মোড় কোস চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আয়োজেন ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কোস চত্বরে গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ঢাকা মোড় এসে শেষ হয়।

নওগাঁ
নওগাঁর প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের নওজোয়ান মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ওসমান হাদির গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের-১ আসনের সর্বস্তরের বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে শনিবার বাদ আসর সদর উপজেলার ভদ্রবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়। শেষে ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জানাযার পূবে হামলার সাথে জড়িত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি
জানিয়ে বক্তব্য দেন নড়াইল জেলা এনসিপি সংগঠক নাজমুল হাসান উজ্জল, জুলাইযোদ্ধা
শফিকুল ইসলাম, নূর ইসলাম সহ অনেকে।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত