ইনকিলাব মঞ্চের মুখ্পাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে করেছেন নারায়ণগঞ্জের ছাত্র-জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে চারটা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ডে অবস্থান নেন।
ছাত্র জনতার অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। তবে বিক্ষোভকালে সড়ক দিয়ে যাতায়াতকারী রোগী সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ছাড় দিতে দেখা যায়। দীর্ঘ সোয়া এক ঘন্টা অবরোধ করে বিকেল সাড়ে চারটায় জনদুর্ভোগ বিবেচনায় মহাসড়কে ছেড়ে শাহবাগের উদ্দেশ্যে রওয়ানা হন তারা।
সরজমিন দেখা গেছে, প্রায় অর্ধশত ছাত্র-জনতা একত্রিত হয়ে মহাসড়কের সাইনবোর্ডে জড়ো হয়ে ওসমান হাদির হত্যারকারীদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে এবং মানুষের ভোগান্তি বিবেচনায় সড়ক ছেড়ে দেয়।
আন্দোলনে থাকা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদি বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছিলাম। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো। তবে আজকের মতো আমরা মহাসড়কে ছেড়ে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলম বলেন, আমরা জনদুর্ভোগ বিবেচনা করে আজকের মতো মহাসড়ক ছেড়ে যাচ্ছি। তবে হাদি ভাই হত্যার বিচারের জন্য প্রয়োজনে আমরা আবারও মাঠে নামবো। আমাদের লড়াই চলমান থাকবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদী ঘটনাস্থল এসে গণমাধ্যমকে বলেন, অবরোধকারী ছাত্র-জনতাকে আমরা বুঝিয়ে সড়ক ছাড়িয়েছি। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
