শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় শনিবার (২০ ডিসেম্বর) রাতে হামলার ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। 'অপারেশন ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে পুলিশ উপজেলা উত্তর তারাবুনিয়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে আটক করলে তাকে ছাড়াতে ব্যর্থ হয়ে স্থানীয় বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরদার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর চড়াও হন।
আহত সাংবাদিকরা হলেন-দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার রাসেল শিকদার এবং এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি রুহুল আমীন জুয়েল। তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও সাংবাদিকদের সূত্রে জানা যায়, ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। বিএনপি নেতা ও তার সহযোগীরা তাদের মারধর করেন ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলার সাংবাদিক নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অপর দিকে, জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, ঘটনার সঙ্গে কোনো বিএনপি সদস্যের সংশ্লিষ্টতা থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। থানা চত্বরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলার সাংবাদিক নেতারা।