এনসিপি নেতাকে গুলি: দিনাজপুর সীমান্তে টহল জোরদার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

খুলনা মহানগরের এনসিপি নেতা মোতালেব সিকদারকে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষিতে দিনাজপুরে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। দিনাজপুর ৪২ বিজিবি ও ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং একাধিক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল থেকে দুই ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, এনসিপি নেতা মোতালেব সিকদারকে গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে দিনাজপুর ৪২ বিজিবি ও ফুলবাড়ী ২৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থান, বিরামপুর শহর এবং মোহনপুর ব্রিজ এলাকায় তিনটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখা হয়েছে। অতিরিক্ত টহল বৃদ্ধি এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২৯ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, সোমবার খুলনা মহানগরের এনসিপি নেতা মোতালেব সিকদারকে দুর্বৃত্তরা মাথায় গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। মোতালেব সিকদার এনসিপির খুলনা বিভাগের বিভাগীয় শ্রমিক সংগঠনের সংগঠক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত