বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর এবং আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ বিষয়ে জারি করা এক পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করা হয়েছে এবং নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণের সময়, তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ড্রোন ব্যবহার করে ভিডিও ও ছবি ধারণ করে।

বেবিচক জানিয়েছে, এ ধরনের অননুমোদিত ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে এবং যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে।

এ অবস্থায় বিমানবন্দর ও আশপাশের এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সাধারণ জনগণকে ড্রোন ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত