আরশের সঙ্গে প্রেম! বিস্মিত সুনেরাহ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সিনেমা ও নাটক দুই মাধ্যমেই অভিনয় করেন। তাকে নিয়ে নানা গুঞ্জনও ওঠে মাঝে মধ্যে। এবার চাউর হয়েছে টিভি অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন সুনেরাহ।  এই গুঞ্জনের শুরু হয় অভিনেতা ইরফান সাজ্জাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সুনেরাহ’র একটি ছবি শেয়ার করাকে কেন্দ্র করে। 

ছবিতে দেখা যাচ্ছে, এক যুবকের সঙ্গে রোমান্টিক মুডে হাস্যোজ্জ্বল সুনেরাহ। তবে কৌতূহল বাড়িয়ে দিয়ে ছবির ওই যুবকের মুখ ইমুজি দিয়ে ঢেকে দেন ইরফান। আর তাতেই শুরু হয় জল্পনা। নেটিজেনরা নানারকম মন্তব্য করতে থাকেন। রহস্য খানিকটা খোলাসা হয়, যখন সুনেরাহ নিজেই ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেন। সেখানে স্পষ্ট দেখা যায়, ছবির ছেলেটি অভিনেতা আরশ খান। ছবি প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ অভিনন্দন জানান, কেউ শুভকামনা প্রকাশ করেন, আবার কেউ কেউ লেখেন—‘নাটকের দৃশ্য’। একটি ছবি ঘিরেই শুরু হয় নানা ব্যাখ্যা ও গুঞ্জন। 

বিষয়টি নিয়ে খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন সুনেরাহ নিজেই। তিনি বলেন, ‘ছবিটা আমি হঠাৎই পোস্ট করেছি। কেন সবাই অভিনন্দন জানাচ্ছেন, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না।’ পরে পুরো বিষয়টি পরিষ্কার করে অভিনেত্রী জানান, ‘বেশ কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম। সেখানে একসঙ্গে ছয়টি নাটকের শুটিং করেছি। সব নাটকেই আমার সহশিল্পী ছিলেন আরশ খান। শুটিংয়ের ফাঁকে সাধারণত ছবি তোলা হয় না। একটি দৃশ্যধারণের সময় এই ছবিটি তোলা হয়েছিল। ছবিটা আমার খুব ভালো লেগেছিল, তাই ফেসবুকে পোস্ট করি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত