'বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে…'

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দেখা যাবে এক ব্যতিক্রমী দৃশ্য। একই দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন বাবা ও ছেলে। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং তার ছেলে হাসান ইসাখিলকে দলে ভিড়িয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস। বাবা-ছেলের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে… এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’

ক্রিকেট ইতিহাসে বাবা-ছেলের একসঙ্গে খেলার নজির নতুন নয়। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দরপল ও তার ছেলে তেজনারায়ণ চন্দরপল গায়ানার হয়ে একসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শপাগিজা ক্রিকেট লিগেও বাবা ও ছেলেকে প্রতিপক্ষ হিসেবে দেখা গেছে। ওই টুর্নামেন্টের ফাইনালে মোহাম্মদ নবির আইনাক নাইটসকে হারিয়ে শিরোপা জেতে হাসান ইসাখিলের আমো শার্কস।

১৯ বছর বয়সী ওপেনার হাসান ইসাখিল ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হলেও বিপিএলের মাধ্যমে প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৭৩৪ রান করেছেন হাসান, গড় ২৭ এবং স্ট্রাইক রেট ১২৪। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটেও তার পারফরম্যান্স নজরকাড়া।

অন্যদিকে, ৪০ বছর বয়সেও নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন মোহাম্মদ নবি। বয়স বাড়লেও পারফরম্যান্সে তার প্রভাব কমেনি। সে কারণেই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনও তার চাহিদা রয়েছে। বিপিএল নিলামের কয়েক দিন পরই নোয়াখালী এক্সপ্রেস নবিকে দলে নেওয়ার ঘোষণা দেয়।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। সেই ম্যাচ দিয়েই বিপিএলে বাবা-ছেলের একসঙ্গে খেলার বিরল অধ্যায় শুরু হতে যাচ্ছে।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড:
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত