বিশ্বকাপের আর মাত্র ছয় মাস বাকি। এমন সময় ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব অ্যাস্টন ভিলা তাদের গোলরক্ষক বিভাগ শক্তিশালী করার পরিকল্পনা নিচ্ছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ ক্লাব ছাড়তে পারেন—এই আশঙ্কা থেকেই বিকল্প বা সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে একজন নামী গোলরক্ষককে দলে নেওয়ার কথা ভাবছে বার্মিংহামের ক্লাবটি।
স্পেনের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, অ্যাস্টন ভিলার নজরে রয়েছেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। বিষয়টি নিশ্চিত হলে ক্লাবটির ভেতরে যেমন অনিশ্চয়তা বাড়বে, তেমনি দিবু মার্তিনেজের ভবিষ্যৎ নিয়েও তৈরি হবে নতুন আলোচনা। কারণ তিনিই আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান ভরসা, যিনি কাতার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।
বার্সেলোনায় সাম্প্রতিক সময়ে চোট এবং নতুন গোলরক্ষক আগমনের কারণে একাদশে নিয়মিত জায়গা হারিয়েছেন টের স্টেগান। হোয়ান গার্সিয়া ও ভয়চেখ শেজনির যোগদানে তার অবস্থান আরও দুর্বল হয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অ্যাস্টন ভিলা তাকে দলে টানতে আগ্রহী। বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা মনে করছে, দিবু মার্তিনেজ যদি দল ছাড়েন বা না ছাড়েন, গোলকিপিংয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলে দলের গভীরতা আরও বাড়বে।
সাম্প্রতিক মাসগুলোতে দিবু মার্তিনেজের অবস্থান পুরোপুরি স্থিতিশীল নয়। কোচ উনাই এমেরির সিদ্ধান্তে তিনি সহ-অধিনায়কত্ব হারিয়েছেন। অধিনায়ক জন ম্যাকগিনের অনুপস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে ডিফেন্ডার এজরি কনসাকে। পাশাপাশি শারীরিক সমস্যার কারণে তাকে কিছু ম্যাচে বেঞ্চে বসতে হয়েছে এবং মাঝেমধ্যে খেলতে হয়েছে নতুন গোলরক্ষক মার্কো বিজোটের সঙ্গে পালা করে।
ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনাও শেষ পর্যন্ত ভেস্তে গেছে। দিবুর ঘনিষ্ঠ মহল আশা করেছিল, লিসান্দ্রো মার্তিনেজ ও কোচ রুবেন আমোরিমের সঙ্গে যোগাযোগের পর ট্রান্সফার সফল হবে। কিন্তু ইংলিশ ক্লাবটি কেবল ধারে নেওয়ার প্রস্তাব দেওয়ায় এবং অ্যাস্টন ভিলার আর্থিক দাবির কারণে সেই আলোচনা ভেঙে যায়। বর্তমানে দিবুর জন্য ইউরোপের শীর্ষ ক্লাবগুলো থেকে নির্দিষ্ট কোনো প্রস্তাব না এলেও সৌদি আরব ও তুরস্ক থেকে আগ্রহের খবর রয়েছে।
যদি দিবু ভিলায় থাকেন, তাহলে তাকে টের স্টেগেনের মতো গোলরক্ষকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে হবে। আর যদি অন্য ক্লাবে যান, তবে বিশ্বকাপের আগে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে। এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত ক্যারিয়ার এবং আর্জেন্টিনা জাতীয় দলের পরিকল্পনা—দুই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকে দিবু মার্তিনেজ ক্লাবটির হয়ে খেলেছেন দুই শত সাতাশটি ম্যাচ। তিনি গোল হজম করেছেন ২৬৮টি, আর ৭৫টি ম্যাচে জাল অক্ষত রেখেছেন। যদিও ক্লাব পর্যায়ে শিরোপা জেতা হয়নি, তবে তার হাত ধরেই অ্যাস্টন ভিলা আবার চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে।
এই পুরো পরিস্থিতির সমাধান শুধু অ্যাস্টন ভিলা নয়, আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিবুকে সামনে রেখেই আর্জেন্টিনা জিতেছে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা। আর ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে তারা যাবে নতুন স্বপ্ন নিয়ে।
মোহাম্মদ সালাহকে শান্তির বার্তা পাঠালেন হালান্ড
রোনালদোর দলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা