ফেনী গার্লস ক্যাডেট কলেজের ১৮তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি ১৩টি ইভেন্টের বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে গত ২১ ডিসেম্বর কলেজ মাঠে চার দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার। উদ্বোধনী দিনে বিএন ক্রীড়াবিদ ক্যাডেটদের শপথবাক্য পাঠ করান অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট কমান্ডার ফারজানা সরকার তান্না।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খাদিজা হাউস চ্যাম্পিয়ন এবং ফাতেমা হাউস রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বছরজুড়ে শিক্ষা, সহশিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের ওপর ভিত্তি করে সার্বিক চ্যাম্পিয়ন হয় ফাতেমা হাউস এবং আয়েশা হাউস রানার্সআপ হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসকে বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে সুসজ্জিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটদের প্রদর্শিত ক্রীড়া নৈপুণ্য উপভোগ করে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবক, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
