নেইমারকে দলে ভিড়িয়েও র‍্যাংকিংয়ে সান্তোসের ভরাডুবি!

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম

ইউরোপ, এশিয়া ঘুরে নেইমার থিতু হয়েছেন নিজ দেশের ক্লাব সান্তোসে। তবে ইনজুরির কারণে নিয়মিত মাঠে থাকতে পারছেন না। সান্তোস তার চুক্তি নবায়ন করবে কিনা- সেটাও এক বড় প্রশ্ন। আরও প্রশ্ন উঠেছে যে, নেইমারকে দলে ভিড়িয়ে সান্তোসের লাভ কী হলো? সিবিএফ প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়েও সান্তোসের অবস্থান সেরা পনেরতেও নেই!

ব্রাজিলিয়ান ফুটবলের জাতীয় ক্লাব র‍্যাংকিংয়ে শীর্ষে ফ্লামেঙ্গোর আধিপত্য নতুন কিছু নয়। টানা ষষ্ঠবারের মতো সিবিএফ প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান ব্রাজিলের চ্যাম্পিয়নরা। তবে ২৪ ডিসেম্বর প্রকাশিত এই তালিকায় সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের অবস্থান। আটবারের ব্রাজিলিয়ান লিগ চ্যাম্পিয়ন দলটি এবার র‍্যাংকিংয়ে মাত্র ১৬তম স্থানে রয়েছে।

নেইমারের ক্লাব পিছিয়ে আছে অ্যাথলেতিকো–পিআরের মতো ক্লাবের কাছেও, যারা সম্প্রতি ব্রাজিলের দ্বিতীয় স্তরের লিগে খেলেছে। এছাড়া অবনমিত ফোরতালেজা, বাহিয়া ও রেড বুল ব্রাগানতিনোর মতো দলও সান্তোসের ওপরে অবস্থান করছে। র‍্যাংকিংয়ে সান্তোসের পয়েন্ট ৮ ৮৫২, যা শীর্ষে থাকা ফ্লামেঙ্গোর ১৬৩১৪ পয়েন্টের প্রায় অর্ধেক। ব্রাজিলের ১২ বড় ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি অবনমন হয়েছে সাও পাওলোর—তারা দ্বিতীয় স্থান থেকে নেমে গেছে পঞ্চমে।

সিরি বি থেকে উঠে আসা দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ফোরতালেজা, যারা র‍্যাংকিংয়ে ১৩তম। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক পারফরম্যান্সই তাদের এই অবস্থানে রেখেছে। তুলনায় রেমো সাত ধাপ এগিয়ে প্রথম বিভাগে উঠলেও তাদের অবস্থান মাত্র ৩৭তম। তারা পিছিয়ে আছে ব্রুসকে ও চিরপ্রতিদ্বন্দ্বী পায়সান্দুর মতো ক্লাবের কাছেও, যারা ২০২৬ মৌসুমে সিরি সিতে খেলবে।

সম্প্রতি নেইমারের বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার পুরো মৌসুমজুড়েই চোট নিয়ে খেলেছেন। কঠিন সময় পার করা সান্তোসকে ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। মৌসুমের শেষ চার ম্যাচে হাঁটুর ব্যথা নিয়েই খেলেন তিনি এবং পাঁচটি গোল করে দলের টিকে থাকা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত