টেম্বা বাভুমাকে ‘বেটে’ বলে ক্ষমা চেয়েছেন পান্ত ও বুমরা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম টেস্টে ঘটে যাওয়া বিতর্কিত অন-ফিল্ড মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি জানান, ঘটনার পর ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রিশাভ পান্ত ও জসপ্রিত বুমরা ব্যক্তিগতভাবে এসে তার কাছে ক্ষমা চেয়েছিলেন।

ঘটনাটি ঘটে গত ১৪ নভেম্বর কলকাতা টেস্টের প্রথম দিনে। বুমরার একটি এলবিডব্লিউ আবেদন নাকচ করে দেন আম্পায়ার। এরপর ডিআরএস নেওয়া হবে কিনা—এ নিয়ে পান্ত ও বুমরার মধ্যে আলোচনা হয়। স্টাম্প-মাইকে ধরা পড়া সেই কথাবার্তার একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে বাভুমাকে উদ্দেশ করে বুমরাকে ‘বেটে’ শব্দটি বলতে শোনা যায়। বাভুমার উচ্চতা নিয়ে বুমরা কটাক্ষ করায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

ইএসপিএনক্রিকইনফোতে এক কলামে বাভুমা লিখেছেন, তিনি মাঠে থাকাকালীন মন্তব্যটি শুনতে পাননি। পরে দলের মিডিয়া ম্যানেজারের কাছ থেকে পুরো বিষয়টি জানতে পারেন। তার ভাষায়, ‘আমার দিক থেকে এটুকুই জানি—ওরা নিজেদের ভাষায় আমার সম্পর্কে কিছু বলেছিল। কিন্তু দিনের শেষে রিশাভ পান্ত আর জসপ্রিত বুমরা—দুজনেই এসে ক্ষমা চেয়েছে। ওরা যখন ক্ষমা চায়, তখন আমি বুঝতেই পারছিলাম না—কিসের জন্য। পরে আমাদের মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলে বিষয়টা পরিষ্কার হয়।’

তবে ঘটনাটিকে অতিরিক্ত বড় করে দেখতে চাননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তিনি স্বীকার করেন, শীর্ষ পর্যায়ের ক্রিকেটে আবেগ ও উত্তেজনা থাকেই, ‘মাঠে যা হয়, তা মাঠেই থাকে—কিন্তু বলা কথাগুলো ভুলে যাওয়া যায় না। সেগুলোকে আপনি প্রেরণা হিসেবে ব্যবহার করেন। কোনো ব্যক্তিগত আক্রোশ আমি পুষে রাখিনি। ভারতের বিপক্ষে সিরিজ মানেই তীব্রতা। যখন সেটা আরও উত্তপ্ত হয়, তখন দর্শকদের জন্য সেটা বাড়তি আকর্ষণ তৈরি করে এবং খেলোয়াড়দেরও বাড়তি অনুপ্রেরণা দেয়।’

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে ভারতের মাটিতে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০০০ সালের পর প্রথমবার তারা এমন কীর্তি গড়েছে। বাভুমার মতে, বিতর্কিত মুহূর্তগুলোই প্রমাণ করে দেয় সিরিজটি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং ইতিহাস গড়তে তার দল কতটা দৃঢ়প্রতিজ্ঞ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত