বিপিএল হবে বার নাটক হবে না- এমনটা কীভাবে সম্ভব? তাই এবারের বিপিএল শুরুর আগের দিন আজ বৃহস্পতিবার চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। বিষয়টি নিয়ে তিনি বিসিবিকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন। চট্টগ্রামের মালিকানা এখন বিসিবি নিতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরেই নানান কারণে আলোচনার শীর্ষে ছিল চট্টগ্রাম রয়্যালস। মেন্টর হিসেবে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিলেও তিনি পদত্যাগ করেন, তারপর বিমানবন্দর থেকে খেলোয়াড়দেরকে টিম হোটেলে নেওয়ার সময় দেখা যায় অব্যবস্থাপনা, টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেও দেখা যায় তাদের টিম বাস প্রস্তুত হয়নি। এছাড়া পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি ক্রিকেটাররা আসতে চাইছেন না।
নিলাম ও সরাসরি চুক্তি থেকে দলে ভেড়ানো অ্যাঞ্জেলো পেরেরা, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং ও আবরার আহমেদ আসছেন না খেলতে। তাদের হাতে এখন কেবল আছে দুইজন বিদেশি ক্যামেরন ডেলপোর্ট ও কামরান গুলাম। তবে তারা দুইজনও এখনো দলের সাথে যোগ দেননি। সবমিলিয়ে টালমাটাল অবস্থা চট্টগ্রাম রয়্যালসের। তবে এই দলটিই নিলাম থেকে সবচেয়ে বেশি দামে দলে ভিড়িয়েছে নাঈম শেখকে, যার পরিমাণ ১ কোটি ১০ লাখ টাকা!
চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছিল ‘ট্রায়াঙ্গুল সার্ভিসেস’ নামে একটি প্রতিষ্ঠানকে। শুরু থেকেই নানারকম নেতিবাচক আলোচনা চলছিল দলটিকে ঘিরে। নিয়মানুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করতে হয়। এই নিয়ম না মানায় বিদেশি ক্রিকেটাররা আসছেন না। এছাড়া বিসিবিকে ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।
চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড : নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি ( ২২ লাখ), মাহমুদুল হাসান জয় ( ৩৭ লাখ), মাহফিজুল ইসলাম রবিন (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), জাহিদুজ্জামান খান (১১ লাখ), শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।
মাঠে বসে ভিন্ন দেশের হয়ে ছেলের অভিষেক দেখলেন জিনেদিন জিদান
আইএল টি-টোয়েন্টি থেকে বিপিএলে ফিরলেন মোস্তাফিজ-তাসকিন