রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সমীক্ষা প্রতিষ্ঠান ভিটিসিওম-এর জরিপ অনুযায়ী, রাশিয়ার অধিকাংশ নাগরিক ২০২৬ সালের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানা হবে বলে মনে করছেন। নতুন বছরের আগে পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, চলমান সংঘাত সত্ত্বেও রাশিয়ানদের মধ্যে আশাবাদ বাড়ছে। জরিপের ৭০ শতাংশ মানুষ মনে করেন ২০২৬ রাশিয়ার জন্য ২০২৫ সালের চেয়ে 'সফল' বছর হবে।
৫৫ শতাংশ মানুষ এই আশাবাদকে যুক্ত করেছেন রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান' শেষ হওয়ার সম্ভাবনার সঙ্গে, যেখানে মস্কোর ঘোষিত লক্ষ্য অর্জনকে প্রধান আশার কারণ হিসেবে দেখা হচ্ছে। ভিটিসিওম উল্লেখ করেছে যে, রাশিয়ার সামরিক অগ্রগতি, যুক্তরাষ্ট্রের যুদ্ধ অর্থায়নে অনীহা, এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন না দেওয়ার মত কারণগুলোই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির সম্ভাবনা বাড়াচ্ছে।
যুদ্ধশেষে প্রধান অগ্রাধিকার হিসেবে রাশিয়ান সেনাদের পুনর্বাসন এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় অঞ্চল ও সীমান্তবর্তী এলাকা পুনর্গঠন করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া স্বাধীন সমীক্ষা দেখিয়েছে, জনগণের মধ্যে শান্তি আলোচনা সমর্থন ব্যাপক। প্রায় দুই-তৃতীয়াংশ রাশিয়ান শান্তি আলোচনার পক্ষে, যা ২০২২ সালের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি পূর্বাঞ্চলের শিল্পাঞ্চল এবং জাপোরিজিয়ার পারমাণবিক কেন্দ্র থেকে সেনা সরানোর জন্য প্রস্তুত। এক্ষেত্রে রাশিয়াকেও সমানভাবে সেনা প্রত্যাহার করতে হবে। তবে মস্কো কোনো ধরনের পিছু হটার ইঙ্গিত দেয়নি। এবং ইউক্রেনকে ডনবাসের বাকি অঞ্চল ছাড়ার শর্তে যুদ্ধবন্ধ সংক্রান্ত আলোচনায় বসবে।
জেলেনস্কি ডনবাসের ভবিষ্যত নির্ধারণকে কঠিন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, সৈন্য প্রত্যাহার ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য শীর্ষ পর্যায়ের আলোচনা জরুরি।
