চট্টগ্রাম নগরীর শীতার্তদের সহায়তায় এপিক গ্রুপ ও সিটি কর্পোরেশন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

চট্টগ্রাম নগরীর শীতার্তদের সহায়তায় এপিক গ্রুপের সৌজন্যে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

এ উদ্যোগকে সফল করতে বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান নগর ভবনে চসিক মেয়রের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার পিস শীতবস্ত্র হস্তান্তর করে এপিক গ্রুপ।

এ সময় মেয়র এপিক গ্রুপের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নগরীর মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এপিক গ্রুপ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, একান্ত সচিব অভিষেক দাশ, কর কর্মকর্তা এ. কে. এম. সালাহউদ্দিন। 

এপিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, আর্ত মানবতার সেবায় এপিক গ্রুপের অঙ্গ সংগঠন গুলো সর্বদা সচেষ্ট থাকে এবং ভবিষ্যতেও থাকবে। চসিক এর সাথে আমাদের এই উদ্যোগ অন্যদের উদ্ভুদ্ধ করবে এবং এই শীতে সবাই আশে পাশের শীতার্তদের পাশে সাহায্যের হাত বাড়াবে বলে আশা করছি। 

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহউদ্দিন, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন নুর মোহাম্মদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত