দরিদ্র ও অপরিচিতদের সাহায্য করতে অস্বীকার করা স্বয়ং স্রষ্টাকে প্রত্যাখ্যান করার সমান-এমন মন্তব্য করেছেন পোপ লিও। বাৎসরিক খ্রিস্টীয় উৎসব বড়দিনের আগের এক ধর্মোপদেশে তিনি এ কথা বলেন।
বুধবার (২৪ ডিসেম্বর) ভ্যাটিকানে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ খ্রিষ্টানদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পোপ লিও বলেন, সরাইখানায় জায়গা না থাকায় যীশুর জন্মের গল্পটি খ্রিস্টানদের মনে করিয়ে দেয় যে, মানবতার প্রতি অবহেলা মানে স্রষ্টার উপস্থিতিকেই অস্বীকার করা।
তিনি বলেন, মানুষের জন্য যদি কোনো জায়গা না থাকে, তাহলে পৃথিবীতে স্রষ্টার জন্যও কোনো জায়গা নেই। একটিকে প্রত্যাখ্যান করা মানে অন্যটিকেও প্রত্যাখ্যান করা।
পোপ লিও আরও বলেন, যীশুর জন্ম প্রতিটি মানুষের মধ্যে স্রষ্টার উপস্থিতির প্রতীক, যা মানবিক দায়িত্ব ও সহমর্মিতার বার্তা বহন করে।
গত মে মাসে প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম বড়দিন উদযাপনের নেতৃত্ব দিচ্ছেন পোপ লিও।
ধর্মোপদেশে তিনি প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্টের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, বর্তমান বিশ্ব শিশু, দরিদ্র ও অতিথিদের যথাযথ যত্ন নিতে ব্যর্থ হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।
পোপ লিও বলেন, একটি বিকৃত অর্থনৈতিক ব্যবস্থা আমাদের এমন এক বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে, যেখানে মানুষকে কেবল পণ্য হিসেবে দেখা হচ্ছে।
তার বক্তব্যে মানবিক মূল্যবোধ, সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধ পুনরুদ্ধারের আহ্বান স্পষ্টভাবে উঠে আসে।
