এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন চাঁদপুরের বিল্লাল হোসেন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।

দলীয় সূত্রে জানা গেছে, এলডিপির মহাসচিব পদ শূন্য হওয়ায় দলের প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে মো. বিল্লাল হোসেন মিয়াজীকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন। 

এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বিএনপিতে যোগদান করায় পদটি শূন্য হয়। সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

মো. বিল্লাল হোসেন মিয়াজী এলডিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় সদস্য, প্রচার সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে সংগঠিত করতে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত।

তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সন্তান। নিজ এলাকায় তিনি একজন পরিচ্ছন্ন ও সক্রিয় রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির প্রার্থী হিসেবে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বিএনপিতে যোগ দেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এলডিপি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, মো. বিল্লাল হোসেন মিয়াজীর নেতৃত্বে এলডিপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং আগামী রাজনৈতিক কর্মসূচিতে দলটি সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত