পুরুষ দ্বৈতের ফাইনালে গৌরব-তানভীর জুটি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

সকালে সেমিফাইনালে উঠে স্বাগতিক আরও দুই জুটির মতো ব্রোঞ্জ নিশ্চিত করেছিল গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি। রাতে ফাইনালে উঠে রৌপ্যপদক নিশ্চিত করল লাল সবুজের এই জুটি। বৃহস্পতিবার শহিদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতের প্রথম সেমিফাইনালে গৌরব ও তানভীর জুটি ১৯-২১, ২১-৮ ও ২১-১৫ পয়েন্টে (২-১ সেটে) স্বদেশি আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটিকে হারিয়ে ফাইনলে উঠে। 

ক’দিন আগেই কানাডার টরেন্টো থেকে ব্রোঞ্জ পদক জিতে এসেছিলেন আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি। টরেন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান চ্যালেঞ্জে তারা এই পদক জিতেছিলেন। তবে স্বদেশের মাটিতে ব্যর্থ হয়েছেন তারা। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয় এই জুটি। চলমান ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠলেও ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে আল আমিন ও মোয়াজ্জেম হোসেন জুটিকে। 

অবশ্য খেলার প্রথম সেটে সুবিধা করতে পারেনি গৌরব-তানভীর জুটি। তারা হেরে যায় ১৯-২১ পয়েন্টে। দ্বিতীয় সেটেই দারুনভাবে ঘুরে দাঁড়ায় তারা। প্রতিপক্ষকে হারিয়ে দেয় ২১-৮ গেম পয়েন্টে। তৃতীয় সেটে আর খেলায় ফিরতে পারেনি জুমার-অহিদুল জুটি। শেষ সেটে ২১-১৫ গেম পয়েন্টে জিতে ফাইনালে উঠে যায় গৌরব-তানভীর জুটি।

এর আগে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের ওয়াং ইউ হ্যাং ও অস্ট্রেলিয়ার জেউই জি জুটিকে সরাসরি ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টে (২-০ সেটে) হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশের আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন ওহিদুল জুটি। অন্যদিকে বাংলাদেশের আরেক জুটি গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর  ২১-১৫, ২১-১৫ পয়েন্টে (২-০ সেটে) ভিয়েতনামের থান দাত ও ডাক এনগুয়েন জুটিকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিলেন।
এদিকে মিশ্র দ্বৈতে মালয়েশিয়ার উই ই টার্ন ও তান ঝিং হুই জুটি ২১-৯ ও ২১-৯ পয়েন্টে ইংল্যান্ডের ওয়াং ইউ হাং ও চো ওয়াই লাম জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। আরেক সেমিফাইনালে মালয়েশিয়ার ক্লারিসা সান ও সাতু আসরাহ জুটি ২১-১৪ ও ২১-১৩ পয়েন্টে থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও পাত্থারিন ভারিসরিসাকুল জুটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

শুক্রবার বেলা ২টা থেকে পাঁচটি ইভেন্টের ফাইনাল খেলা শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত