বিজয় হাজারে ট্রফিতে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হলো না বিরাট কোহলির। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা ভারতের ব্যাটিং কিং আজ শুক্রবার তিন অংকের খু্ব কাছে গিয়ে আউট হয়েছেন। অন্যদিকে আরেক ব্যাটিং দানব রোহিত শর্মা মেনেছেন গোল্ডেন ডাক।
গুজরাটের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন কোহলি। মাত্র বছর ২৯ বলে অর্ধশতক পূর্ণ করার পর ইনিংসটি আরও বড় করার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ৭৭ রানে আউট হয়ে যান। তার ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা। এটি ছিল তার টানা ৬ষ্ঠ পঞ্চাশোর্ধ্ব ইনিংস, যা তার ধারাবাহিক ভালো ফর্মের প্রমাণ।
অন্যদিকে উত্তরাখণ্ডের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন রোহিত শর্মা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে দেবেন্দ্র সিং বোরার বলে পুল শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। মাত্র এক বল খেলেই শূন্য রানে সাজঘরে ফেরেন সাবেক ভারত অধিনায়ক। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য এটি ছিল বড় হতাশার মুহূর্ত।
এর আগে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দুজনেই সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন। দীর্ঘ সময় পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে বিরাট করেছিলেন ১৩১ রান, আর রোহিত খেলেছিলেন বিধ্বংসী ১৫৫ রানের ইনিংস। সেই ধারাবাহিকতায় শুক্রবারের ম্যাচগুলো ঘিরে প্রত্যাশাও ছিল তুঙ্গে।
সেঞ্চুরির পর এবার ‘গোল্ডেন ডাক’ মারলেন রোহিত শর্মা