উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক চাহিদা মেটাতে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি শেলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন অস্ত্র কারখানা স্থাপনের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে বলা হয়, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক গোলাবারুদ কারখানা পরিদর্শনের সময় কিম কারখানাগুলোকে আগামী বছরে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তুতি নিতে বলেন। তিনি ক্ষেপণাস্ত্র ও গোলার উৎপাদনকে উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা জোরদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
কেসিএনএ আরও জানায়, সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং সেনাবাহিনীর বাড়তি চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে নতুন গোলাবারুদ কারখানা নির্মাণেরও নির্দেশ দেন কিম।
এর একদিন আগে কিমকে একটি জাহাজ নির্মাণ কারখানা পরিদর্শন করতে দেখা যায়, যেখানে উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী ৮ হাজার ৭০০ টন ওজনের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ করা হচ্ছে, যা ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম হবে। মার্চের পর এই প্রথম রাষ্ট্রীয় গণমাধ্যমে সাবমেরিনটির নির্মাণকাজের নতুন ছবি প্রকাশ করা হয়।
দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকদের মতে, সাবমেরিনটির কাঠামো দেখে ধারণা করা হচ্ছে এতে একটি পারমাণবিক রিঅ্যাক্টর সংযুক্ত রয়েছে এবং এটি প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে। এতে করে পিয়ংইয়ংয়ের কৌশলগত অস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা আরও স্পষ্ট হয়ে উঠছে।
