শহীদ হাদির কবরে এখনো মানুষের ভিড়

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টা দিকে মারা যান। পরে ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়। দাফনের পর আজ ৬ দিন। দাফনের ৫ দিন পার হয়ে গেলেও এখনও থামেনি শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত। 

সকাল থেকে গভীর রাত পর্যন্ত কবরস্থানে ভিড় করছেন সাধারণ মানুষ, সহযোদ্ধা, ছাত্র-জনতা ও শুভানুধ্যায়ীরা। নিরাপত্তাজনিত কারণে সমাধিস্থলের  কাছে যেতে না পারলেও গেটের বাইরে দাঁড়িয়ে অনেকে চোখের পানি ফেলছেন, অনেকে মোনাজাত করছেন। এ সময় অনেককেই কান্না করতেও দেখা যায়। এমনকি আজ শুক্রবার জুমার নামাজের পরও দেখা গেছে নামাজ শেষে মানুষের ভিড়। নামাজ পড়ে কবর জিয়ারত করতে এসেছেন তারা। 

তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তার কবর দেখতে আসা মানুষ। শুধু যে রাজনৈতিক নেতাকর্মীই আসছেন তা নয়, দেখা গেছে পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী এমনকি পরিবারসহ শিশুদেরও। তাদের অনেকেরই হাদির আদর্শের অনুসারি না, তবুও তার দেশ প্রেমের কারণেই তার কবর জিয়ারত করতে এসেছেন বলে জানান তারা।

আগত এসব মানুষ হাদি হত্যার বিচার চান। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল ইনকিলাব মঞ্চসহ অন্য রাজনৈতিক নেতারা। অনেকেই কবর জিয়ারত শেষে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রকাশ্যে বিচার চাই, কোনো নাটকীয়তা নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত