কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআইয়ে এক বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিনোদন প্রতিষ্ঠান ডিজনি। এর পাশাপাশি ওপেনএআইয়ের ভিডিও তৈরির প্ল্যাটফর্মে ডিজনির জনপ্রিয় চরিত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে। এ ছাড়া মার্ভেল ও লুকাসফিল্মের বেশ কিছু চরিত্র ব্যবহারের অনুমতিও অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় রয়েছে ব্ল্যাক প্যান্থার ও স্টার ওয়ার্স সিরিজের ইয়োদার মতো চরিত্র।
তবে এই চুক্তির আওতায় কোনো বাস্তব অভিনেতার মুখাবয়ব বা কণ্ঠ ব্যবহার করা যাবে না। কেবল অ্যানিমেটেড চরিত্র ব্যবহারের সুযোগ থাকছে। চুক্তির অংশ হিসেবে চ্যাটজিপিটিতেও কিছু পরিবর্তন আসতে পারে।
সম্প্রতি এক বিবৃতিতে ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট আইগার বলেন, অংশীদারত্বের মাধ্যমে ডিজনি দায়িত্বশীলভাবে গল্প বলার নতুন ক্ষেত্র তৈরি করতে চায়। সৃজনশীল মানুষ ও তাদের কাজের সুরক্ষা ডিজনির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেন, এই অংশীদারত্ব নতুন প্রজন্মের সৃষ্টিশীলতাকে উৎসাহিত করবে এবং দেখাবে, কীভাবে এআই ও সৃজনশীল শিল্প একসঙ্গে কাজ করতে পারে।
প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই চুক্তি করা হয়েছে।
ডিজনি জানিয়েছে, সোরা প্ল্যাটফর্মে তাদের চরিত্র ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। কোন চরিত্র কীভাবে ব্যবহার করা যাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে ডিজনির হাতে।
