১৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

শীতের শুরুতেই ঘন কুয়াশার দাপটে বারবার থমকে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। গত কয়েকদিনের ধারাবাহিকতায় এবার টানা ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় মাঝনদীতে ও ঘাটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও চালক।

প্রতি বছর ডিসেম্বর মাস এলেই পদ্মা অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। চলতি মাসে এ নিয়ে বেশ কয়েকবার কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল কয়েক ঘণ্টা করে বন্ধ ছিল। তবে এবারের ১৫ ঘণ্টার স্থবিরতা যাত্রী ও চালকদের ধৈর্য্যচ্যুতি ঘটিয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে নদীর দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে এলে নিরাপত্তার খাতিরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দীর্ঘ ১৫ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া—উভয় প্রান্তেই দেখা দেয় যানবাহনের দীর্ঘ সারি। রাতের কনকনে শীতে মাঝনদীতে ফেরি আটকে থাকায় নারী ও শিশুরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। পরে ফেরি চলাচল শুরু হলেও ঘাটের কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট ফেরি ঘাটে দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, “কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে নৌপথের বাতি বা সংকেত কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতেই আমরা ফেরি বন্ধ রাখতে বাধ্য হই। সকাল পৌনে ১০টার দিকে দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু করা হয়।”

উল্লেখ্য, প্রতিবছর শীত মৌসুমে কুয়াশাজনিত এই সমস্যা দৌলতদিয়া-পাটুরিয়া রুটের নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম ও উচ্চক্ষমতাসম্পন্ন ফগ লাইট না থাকায় ঘন কুয়াশায় ফেরি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত