দুমকিতে তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

পটুয়াখালীর দুমকিসহ দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় পটুয়াখালীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।

সকালে উপজেলা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। কুয়াশা ও তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী, দিনমজুর, শ্রমিক ও কৃষকরা। অনেকেই শীতের কারণে কাজে বের হতে পারছেন না। ফলে রোজগার বন্ধ হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের।

দুমকি থানাব্রিজ এলাকার দিনমজুর আ. রহিম বলেন, কুয়াশার কারণে সূর্য দেখা যায় না। শীত খুব বেশি পড়ছে। কাজেও যেতে পারছি না। এখন পরিবার চালাব কীভাবে বুঝতে পারছি না।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছেন। জরুরি বিভাগে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ।

জেলা আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিন কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে ভোর ও সকালবেলা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত