পটুয়াখালীর দুমকিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবয়ড়া গ্রামে সবুজের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আনসার সদস্য রিয়াজুল ইসলাম, তার স্ত্রী মুক্তা, অপর পক্ষের আবুল কালাম ও দুমকি ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অফিস সহায়ক মো. রাসেল।
রিয়াজুলের বাবা দেলোয়ার হোসেন মৃধার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে আবুল কালাম, রাসেল ও ইউনুস মৃধা তার ছেলে ও পুত্রবধূকে মারধর করেছেন। অন্যদিকে আবুল কালামের দাবি, রিয়াজুল রামদা ও বাঁশ নিয়ে তাদের বাড়ির সামনে গিয়ে গালাগালাজ করেন। এ সময় তার হামলায় তিনি ও রাসেল আহত হন।
আহত রিয়াজুল ও তার স্ত্রীকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, এক পক্ষ থানায় এলেও এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।