ইনজুরি নিয়েই বিশ্বকাপ দলে কামিন্স-ডেভিড-হ্যাজেলউড

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম

চোট নিয়ে শঙ্কা থাকলেও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে থাকছেন অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। একই সঙ্গে স্কোয়াডে থাকছেন চোটাক্রান্ত ব্যাটার টিম ডেভিডও। তবে টুর্নামেন্টে তাদের চূড়ান্তভাবে খেলার সিদ্ধান্ত নেওয়া হবে আরও পরে।

পিঠের লাম্বার স্ট্রেস ইনজুরিতে ভোগা প্যাট কামিন্স আগামী চার সপ্তাহ পর আবার স্ক্যান করাবেন। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই বিশ্বকাপে তার খেলা বা না খেলার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত জুলাইয়ে চোট পাওয়ার পর থেকে তিনি মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করলেও ঝুঁকি এড়াতে সিরিজের বাকি অংশে আর খেলানো হয়নি তাকে।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন,

“প্যাট আগামী চার সপ্তাহের মধ্যে স্ক্যান করাবে। সেটার পরেই আমরা বুঝতে পারব বিশ্বকাপের জন্য সে কোন অবস্থায় আছে। ওকে পনেরো জনের স্কোয়াডে রাখা হবে, তারপর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে জশ হ্যাজেলউড পুরো অ্যাশেজ সিরিজ খেলতে না পারলেও তার ফিটনেস নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের চোট কাটিয়ে তিনি আবার বোলিংয়ে ফিরছেন।

ম্যাকডোনাল্ড বলেন, “জশ আবার বোলিং শুরু করেছে। সময়ের হিসেবে ওর ফিট হয়ে ওঠার ভালো সম্ভাবনা আছে।”

তবে আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার টিম ডেভিডকে নিয়ে যথেষ্ট উদ্বেগ আছে। বক্সিং ডে উপলক্ষে বিগ ব্যাশে খেলতে গিয়ে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। যদিও এটি তাঁর আগের চোটের জায়গা নয়। কোচের আশা, এই চোট বিশ্বকাপের আগে সেরে উঠবে।

ম্যাকডোনাল্ড বলেন, “এটা পেশির চোট নাকি টেন্ডনের সমস্যা, সেটা জানার পর পুনর্বাসনের পরিকল্পনা তৈরি করা হবে। আমার মনে হয়, খুব একটা সময় লাগবে না। তাই সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে বলেই মনে হচ্ছে।'

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে তাদের প্রথম দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ রয়েছে ১৬ ফেব্রুয়ারি, ফলে প্রয়োজনে ডেভিডকে আরও সময় দেওয়ার সুযোগ থাকবে।

এদিকে বিগ ব্যাশের পারফরম্যান্স বা নতুন কোনো চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আসতেও পারে। প্রস্তুতি হিসেবে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে ৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সূচির কারণে সংশ্লিষ্ট খেলোয়াড়দের কেউ কেউ বিগ ব্যাশের শেষ পর্বে খেলতে নাও পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত