দুই দিনে অ্যাশেজের টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে শাস্তি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বক্সিং ডে টেস্ট ম্যাচের পিচকে ‘অসন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করেছে আইসিসি। জুটেছে ডিমেরিট পয়েন্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমজিসি) অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র দুই দিনের মধ্যেই খেলা শেষ হয়ে যাওয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ম্যাচের প্রথম তিন সেশনেই পড়ে যায় ২০টি উইকেট। পুরো ম্যাচে কোনো ব্যাটসম্যানই অর্ধশতকের দেখা পাননি। এমন ব্যাটিং-বান্ধবহীন পিচের কারণেই ম্যাচটি নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যায়।

ম্যাচ রেফারি জেফ ক্রো এক বিবৃতিতে বলেন, “পিচটি বোলারদের জন্য অতিরিক্ত সহায়ক ছিল। প্রথম দিনে বিশটি এবং দ্বিতীয় দিনে ষোলটি উইকেট পড়েছে। নির্দেশিকা অনুযায়ী পিচটিকে ‘অসন্তোষজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।”

এই সিদ্ধান্তের ফলে এমসিজি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে, যা আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ৬টি ডিমেরিট পয়েন্ট জমা হলে কোনো ভেন্যুকে এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে নিষিদ্ধ করা হয়।

কম রান হওয়া এই চতুর্থ টেস্টে ইংল্যান্ড ৪ উইকেটে জয় পায়। তবে ম্যাচ দ্রুত শেষ হওয়ায় আয়োজক সংস্থার আর্থিক ক্ষতিও হয়েছে। পিচ কিউরেটর ম্যাট পেজ বিস্ময় প্রকাশ করে বলেন, "আমি সত্যিই হতবাক। এমন দ্রুত ম্যাচ শেষ হবে, তা ভাবিনি।”

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ক্রিকেট কর্মকর্তা জেমস অলসপ বলেন, “এই পিচ ব্যাট ও বলের মধ্যে প্রচলিত ভারসাম্য ধরে রাখতে পারেনি। তবে আমরা আত্মবিশ্বাসী, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত