ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকায় রেললাইনের স্লিপার কেটে ফেলায় জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এ ঘটনায় কমিউটার ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহা.আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকায় টানা আন্দোলনের কারণে গত কয়েকদিন ধরে জামালপুর ময়মনসিংহ রুটে ঢাকাগামী প্রায় সব ট্রেনের সময় সূচিতে বিঘ্ন ঘটেছে। সোমবার দুর্বৃত্তরা রেললাইনের স্লিপার কেটে ফেলায় ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। নিরাপত্তা জনিত কারণে আন্তঃনগর কমিউটার ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীদের দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে বিকল্প যানবাহনের খোঁজে স্টেশন ত্যাগ করলেও অধিকাংশ যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
যাত্রীরা জানিয়েছেন, কয়েক দিন থেকে আন্দোলনের কারণে ট্রেন সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। আর রেললাইনের স্লিপার কেটে ফেলায় ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে পড়েছে। কনকনে ঠাণ্ডার মধ্যে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে খুবই কষ্ট হচ্ছে। এতে ট্রেন যাতায়াত অনিশ্চিত দেখা দিয়েছে।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুজ্জামান বলেন, গফরগাঁও এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জামালপুর থেকে ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেনের সময় সূচিতে মারাত্মক বিপর্যয় ঘটেছে। জামালপুর-ময়মনসিংহ থেকে ভৈরব হয়ে আন্তঃনগর ট্রেনগুলো সীমিত আকারে যাতায়াত শুরু করেছে।
