স্পেনে পৌঁছাতে এক বছরে ৩ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় চলতি বছরে ৩ হাজারেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন। স্প্যানিশ অভিবাসন অধিকার গোষ্ঠী ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস সোমবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

অভিবাসন অধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাস প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড করা ৩ হাজার ৯০ মৃত্যুর মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক অভিবাসন পথে। মৃতদের মধ্যে ৪৩৭ শিশু এবং ১৯২ জন নারী রয়েছে। এই তথ্য উদ্ধারকৃত অভিবাসী এবং অভিবাসীদের পরিবার থেকে সংগ্রহ করা সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস আরও জানায়, আলজেরিয়া থেকে ছেড়ে যাওয়া নৌকা সংখ্যা বেড়েছে। আলজেরিয়ার এই ঐতিহ্যবাহী রুটে ২০২৫ সালে সোমালিয়া, সুদান ও দক্ষিণ সুদান থেকে অভিবাসীদের ঢল নেমেছে।

আগের বছরের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ২০২৪ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় কমপক্ষে ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০০৭ সালে তথ্য সংগ্রহ শুরুর পর এটি সর্বোচ্চ রেকর্ড ছিল। তবে চলতি বছর মৃত্যুর সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৩৫ হাজার ৯৩৫ জন অভিবাসী স্পেনে পৌঁছেছেন। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম। তাদের প্রায় অর্ধেকই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক অভিবাসন পথে ক্যানারি দ্বীপপুঞ্জে প্রবেশ করেছেন।

ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাসের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, সঠিক কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই প্রাণহানির হার নিয়ন্ত্রণ করা কঠিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত