খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা http://apply.ku.ac.bd/ ওয়েবসাইট এ প্রবেশ করে নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ না করলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ জানুয়ারি। এ ছাড়া আগামী ১২ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেধা তালিকা থেকে ভর্তি করা হবে।
এদিকে ভর্তি পরীক্ষার প্রকাশের লক্ষ্যে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি ইউনিটের ইউনিট প্রধান নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। সভায় চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, সকল স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ভর্তি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।