নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কেঁদেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি নির্ধারিত সময়সীমা বিকেল ৫টা অতিক্রম হওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এসময় তিনি বার বার অনুরোধ জানান এক পর্যায়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন।
আব্দুল্লাহ বাদশা বলেন, শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ি সমস্যার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পারেননি। দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পর এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত তার সমর্থকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো সুযোগ নেই। নিয়মের বাইরে যাওয়ার কোনো অবকাশ না থাকায় মনোনয়নপত্র গ্রহণ সম্ভব হয়নি।
