দিবু মার্তিনেজের দৃঢ়তায় ‘অলস’ ভিলা এখন প্রিমিয়ার লিগ শিরোপা-চ্যালেঞ্জার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

মৌসুমের শুরুতে পাঁচ ম্যাচ টানা জয়হীন থাকার পর অ্যাস্টন ভিলাকে দেখে মনে হয়েছিল—শিরোপার লড়াই তো দূরের কথা, অবনমন এড়ানোই হয়তো বড় চ্যালেঞ্জ হবে। কোচ উনাই এমেরি নিজেই খেলোয়াড়দের ‘আলসে’ বলে সমালোচনা করেছিলেন। ইংল্যান্ডের তারকা অলিভি ওয়াটকিন্স, মর্গান রজার্সদের পারফরম্যান্স ছিল বিবর্ণ। গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবের নিষ্ক্রিয়তাও বাড়িয়েছিল দুশ্চিন্তা।

কিন্তু সময়ের ব্যবধানে সেই ভিলাই এখন প্রিমিয়ার লিগের শিরোপার অন্যতম দাবিদার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সেরা জয়রথ গড়েছে তারা। ২০২৬ সালের শেষ ম্যাচের আগে এসে অ্যাস্টন ভিলাকে এখন আর কেউ অবহেলা করতে পারছে না।

আজ লিগের শীর্ষে থাকা আর্সেনালকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় গানার্সদের সঙ্গে সমতায় চলে যাবে ভিলা। ৩৮ ম্যাচের লিগে ১৮ ম্যাচ শেষে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা কার্যত বাকিদের থেকে আলাদা হয়ে গেছে। শীর্ষে থাকা আর্সেনালের খুব কাছেই রয়েছে ভিলা ও সিটি, আর চার নম্বরে থাকা লিভারপুল পিছিয়ে পড়েছে সাত পয়েন্টে।

আর্সেনালের বিপক্ষে ম্যাচ নিয়ে ভিলার ভয় পাওয়ার কোনো কারণও নেই। মাত্র তিন সপ্তাহ আগেই শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে লিগ নেতাদের ২–১ ব্যবধানে হারিয়েছিল তারা। সেই জয়েই টিকে ছিল তাদের জয়রথ। শনিবার সেই ধারাবাহিকতা বজায় রেখে স্ট্যামফোর্ড ব্রিজে শক্তিশালী চেলসিকেও ২–১ গোলে হারায় ভিলা। বেঞ্চ থেকে নেমে দ্বিতীয়ার্ধে দুই গোল করে নায়ক হন অলি ওয়াটকিন্স।

ভিলার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা উনাই এমেরির। স্প্যানিশ কোচের কৌশলী পরিকল্পনা, সময়মতো বদলি নামানো এবং খেলোয়াড়দের ওপর অটুট বিশ্বাস—সব মিলিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলছে দলটি। চেলসির বিপক্ষে পিছিয়ে পড়েও জয়, তার আগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে দুইবার পিছিয়ে গিয়ে ৩–২ ব্যবধানে জেতা, ব্রাইটনের বিপক্ষে ২–০ থেকে ঘুরে দাঁড়িয়ে ৪–৩ গোলের নাটকীয় জয় কিংবা লিডসের মাঠে প্রথমেই গোল হজম করে শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয়ের গল্প—সবই এমেরির দলের মানসিক দৃঢ়তার প্রমাণ।

এখন ভিলার সামনে আরও বড় পরীক্ষা। এমিরেটস স্টেডিয়ামে খেলতে যাচ্ছে তারা, যেখানে এই মৌসুমে কোনো প্রতিযোগিতাতেই হারেনি আর্সেনাল। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সম্ভাব্য ২৭ পয়েন্টের মধ্যে ২৫ পয়েন্ট তুলেছে গানার্সরা। সেই দুর্গ ভেঙে টানা ষষ্ঠ অ্যাওয়ে জয়ের খোঁজে নামবে অ্যাস্টন ভিলা।

এই ম্যাচকে অনেকেই দেখছেন আর্সেনালের শিরোপা-স্বপ্নের আসল পরীক্ষা হিসেবে। ভিলার শিরোপা দৌড়ে টিকে থাকার প্রশ্নে অবশ্য খুব একটা উত্তেজিত নন এমেরি। সাবেক আর্সেনাল কোচ শনিবার বলেছিলেন, “আসলে নয়”—অর্থাৎ তিনি বড় কোনো দাবি করতে রাজি নন।

তবে তিন দিন পর যদি ভিলা আবার জেতে, তাহলে ১৯৮১ সালের পর প্রথমবার ইংল্যান্ডের শীর্ষ শিরোপা জয়ের স্বপ্ন যে একেবারেই বাস্তব হয়ে উঠবে, তা আর অস্বীকার করার সুযোগ থাকবে না।

অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি বৃহস্পতিবার সান্ডারল্যান্ডের মাঠে নামবে টানা আট ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে। লিভারপুল একই দিনে ঘরের মাঠে লিডসের বিপক্ষে খেলবে টানা পঞ্চম জয়ের আশায়। মঙ্গলবার চেলসি মুখোমুখি হবে বোর্নমাউথের, আর ছয় নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে টেবিলের তলানিতে থাকা, এখনো জয়হীন উলভারহ্যাম্পটনের বিপক্ষে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত