সাড়ে ৫ ঘণ্টা বন্ধ পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

২১ জেলার প্রবেশদ্বার নামে পরিচিত পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে বন্ধ ছিল। সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন ও যাত্রীসাধারণ ভোগান্তিতে পড়ে।

সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় পাটুরিয়া ও দৌলতদিয়া প্রান্তের বিভিন্ন ঘাটে একাধিক ফেরি নিরাপদভাবে নোঙর করে রাখা হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত