গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শফিকুলের জানাজা সম্পন্ন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ প্রায় দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা যাওয়া জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম (শফিক)-এর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার দর্শারপাড় এলাকায় তার নিজ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম মারা যান।

শফিকুল ইসলাম শফিক হালুয়াঘাট উপজেলার দর্শারপাড় এলাকার আব্দুল সামাদের পুত্র। বর্তমানে তার পরিবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব এলাকায় বসবাস করছিল। তিনি গাজীপুর জেলার গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট দুপুরে উত্তরা আজমপুর এলাকায় তিনি ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন। এরপর দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করলেও তিনি বিদেশে চিকিৎসা নিতে অপারগতা প্রকাশ করেন।

শফিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসী তাকে একজন সাহসী জুলাই যোদ্ধা হিসেবে স্মরণ করছেন। জানাজায় অংশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, দেশের জন্য তার এই ত্যাগ জাতি আজীবন স্মরণ রাখবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

এদিকে ময়মনসিংহ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা বলেন, মরহুম শফিকুল ইসলাম শফিক ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা শহীদ পরিবারের পাশে সব সময় থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত