আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে আফগানিস্তান। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই আসরে আফগানদের নেতৃত্ব দেবেন লেগস্পিন সুপারস্টার রশিদ খান। একই দল বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে।
১৫ সদস্যের চূড়ান্ত দলে ফিরেছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি ও অফস্পিনার মুজিব উর রহমান। এছাড়া অলরাউন্ডার গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হকও স্কোয়াডে জায়গা পেয়েছেন। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সফরে না থাকলেও বিশ্বকাপকে সামনে রেখে আবার দলে ফিরলেন ফারুকি ও নাইব।
মুজিবের অন্তর্ভুক্তির ফলে রিজার্ভ তালিকায় চলে গেছেন স্পিনার আমির হামজা গজনফর। রিজার্ভে আরও আছেন ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরিফি। কাঁধের চোটের কারণে এশিয়া কাপ খেলতে না পারা নাভিন উল হকও ফিরেছেন এই দলে। তিনি গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছিলেন।
গত টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। ওই আসরে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, আগের বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স ছিল দারুণ। এবার এশিয়ার কন্ডিশনে অনুষ্ঠিত আসরে তারা আরও ভালো ফলের আশা করছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। বিশ্বকাপে আফগানিস্তান পড়েছে গ্রুপ ডি–তে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। চেন্নাইয়ে ফেব্রুয়ারির আট তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।
আফগানিস্তানের বিশ্বকাপ দল: রশিদ খান অধিনায়ক, ইব্রাহিম জাদরান সহঅধিনায়ক, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দরবিশ রসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই
রিজার্ভ: আমির হামজা গজনফর, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরিফি।
ট্রেনের ধাক্কায় ৭ বছর কোমায় থেকে মারা গেলেন বিশ্বকাপ খেলা ক্রিকেটার
আট নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব করলেন ৮ রান