রিপন মন্ডলে টাই, রিপন মন্ডলে সুপার ওভার জয় রাজশাহীর

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:০৬ এএম

এবারের বিপিএলে প্রথম সুপার ওভারের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নাটকীয় টাইয়ের পর সুপার ওভারে রিপন মণ্ডলের দারুণ বোলিংয়ে রংপুর রাইডার্সকে হারিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।

নিয়মিত ২০ ওভারের ম্যাচের শেষ মুহূর্তে রংপুরের জয় প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল। রিপন মন্ডলের করা শেষ ওভারে ২ বলে প্রয়োজন ছিল মাত্র ১ রান। কিন্তু নুরুল হাসানের ক্যাচ তুলে দেওয়া এবং সুপার ওভারে রিপনের নিয়ন্ত্রিত বোলিংয়ে রংপুরকে হারাল রাজশাহী শেষ বলে মাহমুদউল্লাহ রান নিতে গিয়ে রানআউট হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় টাইয়ে। বল ব্যাটে লাগলেও নন-স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই মেহরব হোসেন স্টাম্প ভেঙে দেন।

এরপর সুপার ওভারে রাজশাহীর হয়ে বল হাতে দায়িত্ব নেন রিপন মণ্ডল। চাপে থাকা রংপুরের ব্যাটসম্যানদের পুরোপুরি বেঁধে রাখেন তিনি। ওভারে মাত্র ৬ রান দেন রিপন, বোল্ড করেন কাইল মেয়ার্সকে। কোনো বাউন্ডারি আদায় করতে পারেননি রংপুরের কেউই।

৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স দ্রুত কাজ সেরে ফেলে। প্রথম বলেই চার হাঁকান তানজিদ হাসান। পরের দুই বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় রাজশাহী।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ হাসান ৬ বলে মাত্র ২ রান করে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন ও সাহিবজাদা ফারহান ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস গুছিয়ে নেন।

ম্যাচসেরা রিপন মন্ডল

৩০ বলে ৪১ রান করা নাজমুল রানআউট হয়ে ফিরলে সেই জুটি ভাঙে। পরবর্তীতে ফারহানও ৪৬ বলে ৬৫ রান করে আউট হন। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে রাজশাহী। ওপেনার মোহাম্মদ নেওয়াজ ১১ বলে ১০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রানেই থামে রাজশাহী ওয়ারিয়র্স।

জবাবে রংপুরের শুরুটা ধাক্কা খায় লিটন দাসকে ২২ রানে হারিয়ে। তবে ডেভিড ম্যালান ও তাওহিদ হৃদয় ৭২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। হৃদয় ৩৯ বলে ৫৩ রান করে আউট হলেও ম্যালান ৫০ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। কিন্তু শেষ ওভারে নন-স্ট্রাইকে থাকায় দলকে জেতাতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত সুপার ওভারে জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার ওঠে রিপন মণ্ডলের হাতে।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৫৯/৮

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৫৯/৬

ফল: সুপার ওভারে রাজশাহী ওয়ারিয়র্স জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রিপন মণ্ডল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত