মোজাফফর মোজাফফরভকে হারানোর প্রভাব যে তাৎক্ষণিকভাবে পড়বে, সেটিই যেন দেখা গেল মাঠে। উজবেক এই মিডফিল্ডারের অনুপস্থিতিতে মাঝমাঠে ছন্দ হারিয়ে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জে বাংলাদেশ ফুটবল লিগে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোলের দেখা পায়নি সাদা–কালোরা। ম্যাচ শেষ হয়েছে ০–০ ড্রয়ে।
এই ড্রয়ে মোহামেডানের হতাশার পরিধি আরও বেড়েছে। টানা চার ম্যাচে পয়েন্ট হারাল গত আসরের চ্যাম্পিয়নরা। এর আগে রহমতগঞ্জ ও আরামবাগের বিপক্ষেও ড্র করেছিল সাদা–কালোরা, তারও আগে বসুন্ধরা কিংসের কাছে হারের স্বাদ পায়। নয় ম্যাচ শেষে দুই জয়, চার ড্র ও তিন হারে তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট, অবস্থান এখন ষষ্ঠ। এক পয়েন্ট কম নিয়ে ঠিক পেছনেই ব্রাদার্স ইউনিয়ন। টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস আট ম্যাচে ১৭ পয়েন্ট তুলে নিয়ে এগিয়ে আছে।
গত মৌসুমে লিগ শিরোপা জয়ের পথে মোহামেডানের সাফল্যের বড় ভিত্তি ছিল মাঝমাঠে মোজাফফরভ ও আক্রমণে সুলেমান দিয়াবাতের জুটি। তবে নতুন মৌসুমের শুরুতেই ক্লাব ছাড়েন দিয়াবাতে। আর বৃহস্পতিবার হঠাৎ করেই মোহামেডানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মোজাফফরভ। বাবার অসুস্থতার কারণ দেখিয়ে উজবেকিস্তানে ফিরে গিয়ে আর না ফেরার সিদ্ধান্ত জানান তিনি।
মোজাফফরভকে ছাড়া মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে নামা মোহামেডান শুরু থেকেই এলোমেলো ছিল। মাঝমাঠে বল ধরে রাখা কিংবা আক্রমণ সাজানো—দুটোই ছিল অনিয়মিত। পুরো ম্যাচে উল্লেখযোগ্য আক্রমণ গোনা গেছে হাতে গোনা কয়েকটি, কিন্তু সেগুলোর কোনোটিই কাজে লাগাতে পারেনি আলফাজ আহমেদের দল।
দশম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় মোহামেডান। স্যামুয়েল বোয়াটেংয়ের বাড়ানো বলে হাফিজুর রহমান শট নেওয়ার আগেই দ্রুত বেরিয়ে এসে বল তালুবন্দী করেন ব্রাদার্সের গোলরক্ষক ইশাক আকন্দ। পাঁচ মিনিট পর পাল্টা আক্রমণে নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তার গোল অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধের শেষ দিকে বোয়াটেংয়ের বলও একই কারণে গোল হিসেবে স্বীকৃতি পায়নি।
বিরতির পর ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। ৭২ মিনিটে জটলার মধ্যে থেকে নেওয়া বোয়াটেংয়ের নিচু শট ঠেকিয়ে দেন ইশাক। শেষ দিকে, ৮৫ মিনিটে শফিউল হোসেনের কোনাকুনি পাসে বোয়াটেং ঠিকঠাক সংযোগ করতে পারলে ম্যাচের ভাগ্য বদলে যেতে পারত। কিন্তু সুযোগ নষ্ট হওয়ায় গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মোহামেডানকে।
কিপিংয়ে বিশ্বরেকর্ড ছোঁয়ার ম্যাচে ঢাকাকে নিয়ে চট্টগ্রামের ছেলেখেলা