মাহমুদউল্লাহ ২১২ স্ট্রাইকরেটে রান করে জেতালেন রংপুরকে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:২২ পিএম

এক ম্যাচ আগে শেষ বলে এক রান তুলতে না পারায় সমর্থকদের হতাশ করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই হতাশা মুছে দিতে সময় নিলেন মাত্র ১৬ বল। ২১২–এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করে রংপুর রাইডার্সকে জেতালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর কিছুটা চাপে পড়ে মাঝপথে। কাইল মায়ার্স আউট হওয়ার পর প্রয়োজন ছিল শেষ পাঁচ ওভারে ৪৯ রান। ঠিক তখনই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন মাহমুদউল্লাহ।

মেহেদী হাসান মিরাজের এক ওভারেই তিন চার ও এক ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করে দেন তিনি। শেষ পর্যন্ত ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন মাহমুদউল্লাহ, যেখানে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। স্ট্রাইকরেট দাঁড়ায় ২১২.৫০—টি–টোয়েন্টিতে ম্যাচ জেতানো ইনিংসের নিখুঁত উদাহরণ।

তার ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর। লিটন দাসও আগে ৩১ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ম্যাচ সেরা মাহমুদউল্লাহ

এর আগে ব্যাট করতে নেমে সিলেট টাইটানস শুরুতেই ধাক্কা খায়। আফিফ হোসেন ও ইথান ব্রুকসের জুটিতে লড়াইয়ের পুঁজি পেলেও শেষ দিকে বড় রান তুলতে পারেনি তারা। রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত