আগের আসরের অভিজ্ঞতা কাজে লাগানোর ইঙ্গিত রেখেই ২০২৬ আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ২০২৪ যুব বিশ্বকাপে খেলা দুজন ক্রিকেটার—পেসার ইকবাল হোসেন ও অফ স্পিনার শেখ পারভেজ জীবন।
দলটির অধিনায়ক করা হয়েছে আজিজুল হাকিমকে। আগামী রোববার বিশ্বকাপের সহ–আয়োজক দেশ জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২০ জানুয়ারি নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আজিজুলরা।
নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে এবারের যুব বিশ্বকাপ শুরু হচ্ছে ১৫ জানুয়ারি। দুই বছর পরপর হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ এবার অংশ নিচ্ছে ১৫তমবারের মতো। ২০২০ সালে একবার শিরোপা জিতেছিল লাল–সবুজের যুবারা, আর সর্বশেষ আসরে তাদের অবস্থান ছিল ষষ্ঠ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
×
