সমর্থকের স্বাক্ষরের জায়গায় নিজে স্বাক্ষর করায় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো.মুজিবুর রহমান আজাদীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। এ নিয়ে তিন সংসদীয় আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো.মজিবুর রহমান আজাদীর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের বৈধ ঘোষণা করা হয়।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈমের মনোনয়ন বৈধ হয়েছে।
মনোনয়ন বাতিল প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো.সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, জামায়াতে ইসলামীর মো.মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু এবং এ এস এম শাহীনুর রহমান।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, তিনটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এরমধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করা হয়েছে।
