নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কঠোর অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিবি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কিছুক্ষণের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে।

গত মাসে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় শাহরুখ খান মালিকানাধীন কেকেআর। কিন্তু পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিয়ে বাংলাদেশের জনগন থেকে সরকারের দায়িত্বশীল মহল পর্যন্ত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই জরুরি সভায় বসে বিসিবি।

বৈঠকের সিদ্ধান্ত পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি-

'ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনার জন্য আজ বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বোর্ড গত ২৪ ঘণ্টার ঘটনাবলি বিবেচনায় নিয়ে পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণের সামগ্রিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিদ্যমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পাশাপাশি বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালক পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, বিসিবি ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে যাতে বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করা হয়।

বোর্ড বিশ্বাস করে যে, বাংলাদেশি খেলোয়াড়, টিম অফিশিয়াল, বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ প্রয়োজন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আইসিসির পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে।'

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি

বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের ৪টি ম্যাচের তিনটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর মধ্যে উইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারির ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ নির্ধারিত আছে। প্রসঙ্গত, রাজনৈতিক  কারণে সমঝোতার ভিত্তিতে পাকিস্তান তাদের সব বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত