মানিকগঞ্জের হরিরামপুরে হারুকান্দি চর প্রতি বছর শীত মৌসুমে পরিণত হয় অতিথি পাখির নিরাপদ আবাসস্থলে। দূর-দুরান্ত থেকে আগত এসব শীতকালীন অতিথি পাখির কলতানে মুখর থাকলেও এবার সেই চিত্রে নেমে এসেছে রক্তাক্ত ছাপ। একদিনে অর্ধশত পাখি নিধন করা হয়। উপজেলার হারুকান্দি চরে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, যাত্রাপুর গ্রামের লিটন ও নিমতলা গ্রামের সবুজ সরাসরি এ পাখি নিধনের সঙ্গে জড়িত।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদেশি বন্দুক ব্যবহার করে প্রকাশ্যে প্রায় অর্ধশতাধিক অতিথি পাখি হত্যা করা হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
বলড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেওয়ান আব্দুল মালেক বলেন, অতিথি পাখি নিধনের ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে এসব পাখি একদিন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এখনই সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।
মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আরা সুলতানা জানান, ঘটনাটি সম্পর্কে আপনাদের মাধ্যমেই অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এবিষয়ে জানতে মানিকগঞ্জ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কাজী মাহিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।