সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে দুর্দান্ত এক অধ্যায় লিখলেন নাসুম আহমেদ। নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইনআপকে পুরোপুরি ধসিয়ে দিয়ে (৬১ অলআউট) তিনি গড়েছেন নতুন ইতিহাস। স্পিনারদের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিং ফিগারের মালিক এখন নাসুমই।
সোমবার দুপুরের ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। বিপিএল ইতিহাসে স্পিনার হিসেবে এত কম রানে পাঁচ উইকেট নেওয়ার নজির আর নেই। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে, যিনি ২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।
নাসুমের এই পারফরম্যান্স তাকে বিপিএলের অভিজাত এক তালিকায়ও তুলে দিয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে পাঁচ উইকেট নেওয়া স্পিনার হিসেবে তিনি মাত্র পঞ্চম। এই তালিকায় আগে থেকেই আছেন ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।
পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএলের সর্বকালের সেরা বোলিং ফিগারের হিসাবেও নাসুম উঠে এসেছেন ওপরের দিকে। ৭ রানে ৫ উইকেট নিয়ে তিনি এখন যৌথভাবে চতুর্থ স্থানে। এই তালিকার শীর্ষে আছেন তাসকিন আহমেদ, যিনি এক ম্যাচে ১৯ রানে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। নাসুমের ঘূর্ণি জাদু সেই স্মরণীয় তালিকায় নতুন মাত্রা যোগ করল।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস: ১৪.২ ওভারে ৬১ (মাহিদুল ২৫, হাবিবুর ১৮; নাসুম ৫/৭, ১/৯)। সিলেট টাইটানস: ৮.৪ ওভারে ৬২/৪ (তৌফিক ৩২, জাকির ২৪; জহির ৩/৮)। ফল: সিলেট টাইটানস ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাসুম আহমেদ।
আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের