ভক্তদের বিমান টিকিটের সঙ্গে দামি উপহার ও এলাহি ভোজ

জন্মদিনে বিরল দৃষ্টান্ত দীপিকার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

আজ ৫ জানুয়ারি বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের জন্মদিন। আজ তিনি পা রাখলেন ৪০তম বছরে। জীবনের বিশেষ এই দিনে অনুরাগীদের জন্য এলাহি আয়োজন দীপিকার। বিমানের টিকিট কেটে মোট ৫০ জন ভক্তকে মুম্বাইতে উড়িয়ে নিয়ে আসেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে প্রত্যেককে গাড়িতে করে ভেন্যুতে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। পঞ্চাশ ভক্তকে স্বাগত জানিয়েছেন নিজের হাতে চিঠি দিয়ে। 

শুধু কি তাই? নিজের জন্মদিনে পাল্টা অনুরাগীদের হাতে ধরিয়েছেন দামি ‘রিটার্ন গিফট’। তার সঙ্গে উপরিপাওনা ছিল জন্মদিনের এলাহি ভোজবাজি। ইন্দো-ওয়েস্টার্ন মেনুতে ছিল রকমারি ককটেল, দক্ষিণী, মোগলাই খানাপিনা থেকে উত্তর ভারতীয় নানা পদ। অনুরাগীদের বৃত্তে পরিবেষ্টিত হয়ে পেল্লাই আকৃতির ত্রিস্তরীয় চকোলেট কেকও কাটেন দীপিকা। সবথেকে মজার বিষয় হল, বার্গেন্ডি রঙের কেকের সঙ্গে রং মিলান্তি পোশাকে সেজেছিলেন নায়িকা। দেদার আড্ডা, খানাপিনায় জমে ওঠে ‘মস্তানি’র ৪০তম জন্মদিনের পার্টি। 

তবে উল্লেখ্য, নির্ধারিত দিনের আড়াই সপ্তাহ আগেই, ১৮ ডিসেম্বর অনুরাগীদের সঙ্গে ঝলমলে ‘বার্থডে সেলিব্রশনে’র আয়োজন করেছিলেন দীপিকা পাড়ুকোন। কারণ বড়দিন আর নিউ ইয়ার পালনের জন্য ২৪ ডিসেম্বরই রণবীর সিংয়ের সঙ্গে বিদেশে উড়ে গিয়েছেন তিনি। তাই এই বিশেষ দিনটি আগেভাগেই ভক্তদের সঙ্গে উদযাপন করেছেন দীপিকা। আর সেই রঙিন সেলিব্রেশনের সব মুহূর্তই রবিবার রাতে দীপিকার ফ্যান পেজ থেকে ভাগ করে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত