আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে ব্যাপক প্রচারণা চালিয়েছে দলটি। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
হবিগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল। মাধবপুর ও চুনারুঘাট এই দুই উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ২১টি ইউনিয়ন, দুটি পৌরসভা এবং ২৩টি চা-বাগান রয়েছে। চা-শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, সংখ্যালঘু সম্প্রদায়সহ নানা শ্রেণি পেশার মানুষের বসবাস এই এলাকায়। নির্বাচনী মাঠে তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপির নেতাকর্মীরা জানান, ভোটার উপস্থিতি বাড়াতে তারা তৃণমূল পর্যায়ে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা, ছোট সভা, পথসভা ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। নেতাকর্মীদের বক্তব্য, তাদের লক্ষ্য একটাই- ভোটাররা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন।
এবিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, বিগত সরকারের আমলে জনগণ ভোট দিতে পারেনি। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার পরিস্থিতি ভিন্ন। বিএনপি একজন সৎ, পরিচ্ছন্ন ও জনপ্রিয় প্রার্থী পেয়েছে। সৈয়দ মো. ফয়সলকে ঘিরে মাধবপুর-চুনারুঘাটজুড়ে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা এই এলাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
চা শ্রমিক নেতা মতিলাল সাঁওতাল বলেন, চা-বাগানের শ্রমিকরা শান্তিপূর্ণ জীবন ও কাজের পরিবেশ চায়। তাই চা-শ্রমিকসহ সনাতন ধর্মাবলম্বীরাও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর মানুষ আশাবাদী হয়েছে। নেতাকর্মীরা মাঠে আছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
জগদীশপুর ইউনিয়নের ভোটার বাবুল রায় বলেন, আমি একজন সাধারণ ভোটার। আগের নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোট দিতে পারব-এই আশাতেই আনন্দ লাগছে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তির জন্য যিনি কাজ করবেন, তাকেই ভোট দেব।
চাঁদাবাজি নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৭
ঢাকা-আরিচা মহাসড়কে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১