‘জাকের দুর্ভাগা, ওর সমালোচনা কম করলে ভালো হয়’

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

বাংলাদেশের ক্রিকেটে বেশ কয়েকমাস ধরেই সমালোচনার কেন্দ্রে আছেন জাকের আলী অনিক। পারফর্মেন্স না করেও ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়েছেন। জাতীয় দলে করেছেন অধিনায়কত্ব। সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছায়াতলে থাকার অভিযোগও উঠেছিল। সেই জাকেরের হয়ে এবার ঢাল ধরলেন মোহাম্মদ আশরাফুল।

চলতি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসে খেলছেন জাকের। বাজে পারফর্মেন্সে একাদশ থেকেও বাদ পড়েছেন। এক ম্যাচে করেছেন ১৭ বলে ২৯ রান। বাকি দুই ম্যাচেই করেছেন ৬ রান করে। সর্বশেষ ৯ ম্যাচের ৫টিতেই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। প্রতি ম্যাচেই তার আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটূ। তাই ২৭ বছর বয়সী ব্যাটসম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা পাননি। আশরাফুলের বিশ্বাস, দারুণভাবেই দলে ফিরবেন জাকের।

রংপুরের ব্যাটিং কোচ আশরাফুল বলেছেন, ‘ক্রিকেটে একটু ভাগ্যও লাগে। আমি মনে করি, ও একটু দুর্ভাগাও যে আয়ারল্যান্ডের সঙ্গে একটি ম্যাচ খেলে বাকি দুটি খেলতে পারেনি। যদি সেখানে খেলতে পারত, তাহলে হয়তো ছন্দে চলে আসতে পারত। ১৭ বলে ২৯ করেছে। একটু বাজে সময় গেলে সবারই পাশে থাকা উচিত। সবারই দায়িত্ব তার পাশে থাকা। সমালোচনা যদি কম করি, তাহলে ভালো। যদিও এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এসবের সঙ্গে লড়াই করেই আসতে হবে। তবে আমি নিশ্চিত যে, সে ফিরে আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত