ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ ‘মিরাফ্লোরেস’-এর কাছে সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে নতুন করে গোলাগুলির শব্দ শোনা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শী এ কথা জানায়।
গত শনিবার সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।
সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দুইদিন আগে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তার ডেপুটি দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ওই সূত্র জানায়, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার রাত আটটার দিকে কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে।
প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী একজন জানান, ওই সময় টানা গুলির শব্দ শোনা গেলেও তা শনিবার ভোররাতে হওয়া মার্কিন হামলার মতো তীব্র ছিল না। প্রায় এক মিনিট ধরে গুলি চলেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি আরও জানান, প্রথমেই আমার মনে হয়েছিল, আকাশে কোনো উড়োজাহাজ আছে কি না, তা দেখি। কিন্তু সেখানে কোনো উড়োজাহাজ ছিল না। আমি আকাশে শুধু দুটি লাল আলো দেখেছি। কী হচ্ছে তা বুঝতে সবাই নিজ নিজ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল আকাশে কোনো উড়োজাহাজ আছে কি না, তা দেখার জন্য।
এএফপি এ বিষয়ে জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এএফপির অনুরোধে সাড়া দেয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আকাশে ট্রেসার বুলেটের মতো কিছু একটা ছোড়া হয়েছে। গুলি ছোড়ার পর নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য প্রাসাদের দিকে ছুটে যাচ্ছেন।
