যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার উপ-রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। মাদুরো একই দিনে নিউ ইয়র্কের এক আদালতে মাদকসংক্রান্ত অভিযোগে হাজির হন।
কারাকাসে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে রড্রিগেজ বলেন, 'অবৈধ সামরিক আগ্রাসনের কারণে ভেনেজুয়েলার জনগণ কঠোর কষ্টের সম্মুখীন হয়েছে। এই ভয়ঙ্কর সংকটের সময়ে দেশকে রক্ষা করতে সবাইকে একত্রিত হতে হবে।' তিনি দেশকে শান্তি ও স্থিতিশীলতায় ফিরিয়ে আনার জন্য অক্লান্তভাবে কাজ করারও প্রতিশ্রুতি দেন।
৫৬ বছর বয়সী রদ্রিগেজ একজন শ্রম আইনজীবী, যিনি ব্যবসায়ী খাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং শাসক দলের প্রতি দৃঢ় আনুগত্যের জন্য পরিচিত। তার শপথ গ্রহণ করান তার ভাই জর্জ রড্রিগেজ, যিনি জাতীয় সংসদের সভাপতি।
একই দিনে গত মে মাসে নির্বাচিত ২৮৩ জন সংসদ সদস্যও শপথ নেন। এর মধ্যে বিরোধী দলের উপস্থিতি খুবই সীমিত; বিশেষ করে নোবেল বিজয়ী মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী দলের অধিকাংশ সদস্য নির্বাচন বর্জন করেছেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন।
